বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মিশআল তার দফতর দোহা থেকে অন্যত্র সরিয়ে নিতে রাজি হয়েছেন।
দীর্ঘদিন হামাসের রাজনৈতিক শাখার দফতর ছিল সিরিয়ার রাজধানী দামেস্কে। কিন্তু ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর সে দফতর দামেস্ক থেকে কাতারের রাজধানী দোহায় স্থানান্তর করেন মিশআল। তবে সে সময় হামাসের অনেক নেতা এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।
তবে এবার তিনি যে কারণে দোহা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দোহায় হামাসের দফতরের জন্য এত বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে যে, সেখানে খালেদ মিশআল নিজেকে অবরুদ্ধ বলে মনে করছেন। এবার হামাসের দফতর দোহা থেকে ইরানের রাজধানী তেহরান, লেবাননের রাজধানী বৈরুত বা সুদানের রাজধানী খার্তুমের যে কোন এক শহরে স্থানান্তরিত হতে পারে বলে হামাসের একটি সূত্র আভাস দিয়েছে।
এ ব্যাপারে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।